নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ফারুক আল ফাহাদ।
জন্মস্থান অবহেলিত বুড়িরচরের মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি প্রচার শুরু করেছেন।
দলীয় সমর্থন পেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি জানান এ প্রতিবেদককে।
আরবি শিক্ষার পটভূমি থাকলেও ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ফারুক। ওয়ার্ড ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যুক্ত হয়ে ২০১২ সালে বুড়িরচর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হন।
পরে রাজনৈতিক কারণে নোয়াখালী জেলা শহর মাইজদীতে অবস্থান নেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানাগেছে।
জেলা শহর মাইজদীতে তিনি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও গায়েবানা জানাজার আয়োজনের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নেন। এসব কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার ও কারাভোগের কথাও জানিয়েছেন তিনি।
২০১৯ সালে তিনি নোয়াখালী জেলা ছাত্রদলের ধর্মবিষয়ক সম্পাদক হন। ২০২২ সালে বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে আয়োজিত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের পদযাত্রায় উদ্বোধনী কোরআন তিলাওয়াত করেন। জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক ও জেলা ওলামাদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন দায়িত্ব পালনের কথাও জানান তিনি।
ফারুক আল ফাহাদ বলেন, বুড়িরচরের জীবনমান উন্নয়ন এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁর প্রার্থী হওয়ার মূল উদ্দেশ্য। তিনি বলেন, “ছোটবেলা থেকেই মানুষের সেবা করার স্বপ্ন দেখতাম। নির্বাচিত হলে অবহেলিত বুড়িরচরবাসীর সেবা করতে চাই।”
দলীয় সমর্থন পেলে সেই আস্থার মর্যাদা রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, জনগণও তাঁকে সমর্থন দেবেন বলে আশা করেন।
তবে বুড়িরচর ইউনিয়নে তাঁর প্রার্থিতা ও বিএনপির আনুষ্ঠানিক সমর্থনের বিষয়ে এখনো দলীয় সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে অংশ নিতে হলে দলীয় অবস্থান, স্থানীয় ভোটারদের সমর্থন এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে এগোতে হবে বলে মনে করেন শুভাকাঙ্ক্ষীরা।
ডেস্ক রিপোর্ট: 








